উড়ানের মাঝেই আতঙ্ক! সুইস ফ্লাইটের ইঞ্জিনে আগুন, দিল্লিতে টেকঅফ বাতিল—আহত ৬ যাত্রী!

নিজস্ব সংবাদদাতা : ফের আকাশপথে বড়সড় বিপত্তি। দিল্লি বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া এক আন্তর্জাতিক উড়ানে আচমকাই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল। পরিস্থিতি সামাল দিতে মাঝপথেই টেকঅফ বাতিল করতে বাধ্য হন পাইলটরা। ঘটনায় অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।সূত্রের খবর, Swiss International Air Lines-এর ফ্লাইট নম্বর LX147 দিল্লি থেকে জুরিখ-এর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। নির্ধারিত সময় ছিল রাত ১টা ৮ মিনিট। রানওয়ে দিয়ে দ্রুতগতিতে ছুটতে শুরু করার পরই আচমকা ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।বিমানে মোট ২২৮ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে চারজন শিশু। টেকঅফের আগেই বিপদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেন পাইলট। এরপর জরুরি ভিত্তিতে বিমান খালি করার নির্দেশ দেওয়া হয়। ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে দ্রুত যাত্রীদের নামিয়ে আনা হয়, যা বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে।এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, আহত ছয়জন যাত্রীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানের সমস্ত ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হোটেলে থাকার ব্যবস্থাও করা হচ্ছে।ঘটনার পর স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থা। এই ঘটনায় বিমান নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।