কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সুইজারল্যান্ড-কলম্বিয়া!

নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপের শেষ ষোলোয় ভারতীয় সময় রাত ১:৩০ নাগাদ কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা মিশরের মধ্যে জয়ী দল। এই ম্যাচ দুই দলের কাছেই ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। সুইজারল্যান্ড ১৯৫৪ সালে স্বাগতিক হিসেবে একমাত্রবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল। অন্যদিকে, কলম্বিয়ার বিশ্বকাপ ইতিহাসে একমাত্র শেষ আটে ওঠার নজির ২০১৪ সালের আসরে। ফলে এবারের লড়াই দুই দেশের জন্যই নতুন ইতিহাস গড়ার সুযোগ। টুর্নামেন্টের শুরুতে কাতারের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করলেও এরপর দুর্দান্ত ছন্দে ফিরেছে সুইজারল্যান্ড। বসনিয়া ও হার্জেগোভিনা, কানাডা এবং আলজেরিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে মুরাত ইয়াকিনের দল। শক্তিশালী রক্ষণভাগ ও ভারসাম্যপূর্ণ মিডফিল্ডই তাদের প্রধান শক্তি।

অন্যদিকে, টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত কলম্বিয়া সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটিয়েছে। পর্তুগালের বিপক্ষে ড্র ছাড়া উজবেকিস্তান, ডিআর কঙ্গো ও ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে নেস্তর লরেঞ্জোর শিষ্যরা। ঘানার বিপক্ষে ১-০ গোলের জয় ব্যবধান আরও বড় হতে পারত, কারণ পুরো ম্যাচেই ছিল কলম্বিয়ার আধিপত্য।দুই দলের বর্তমান ফর্ম প্রায় সমান। চার ম্যাচে তিন জয় ও একটি ড্র নিয়ে শেষ ষোলোয় উঠেছে উভয় দল। তবে তারকাসমৃদ্ধ স্কোয়াড এবং আক্রমণভাগের ধার বিবেচনায় কলম্বিয়াকে সামান্য এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকেরা। কলম্বিয়ার সবচেয়ে বড় ভরসা লুইস দিয়াজ। বায়ার্ন মিউনিখে দুর্দান্ত মৌসুম কাটানোর পর বিশ্বকাপেও উজ্জ্বল তিনি। তার সঙ্গে অভিজ্ঞ হেমস রদ্রিগেস ও লুইস সুয়ারেজের সমন্বয়ে গড়া আক্রমণভাগ যে কোনও রক্ষণকে চাপে ফেলতে সক্ষম। রক্ষণেও দারুণ সংগঠিত কলম্বিয়া। চার ম্যাচে তিনটি ক্লিন শিট রেখেছে দলটি। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে এবং প্রতিপক্ষকে খুব কম সুযোগ দিয়েছে। একই সঙ্গে গত তিন বিশ্বকাপ ম্যাচে ২০টির বেশি শট নেওয়ার নজির গড়েছে তারা, যা তাদের আক্রমণাত্মক মানসিকতারই প্রমাণ।

তবে সুইজারল্যান্ডকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে। এই সময়ে তারা সাতটি ম্যাচ জিতেছে এবং তিনটি ড্র করেছে। সব মিলিয়ে ভ্যাঙ্কুভারের এই লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। তবুও বর্তমান ফর্ম, তারকাদের উপস্থিতি এবং রক্ষণ-আক্রমণের ভারসাম্যের কারণে সামান্য এগিয়ে রয়েছে কলম্বিয়া। সূক্ষ্ম ব্যবধানের এই ম্যাচে দক্ষিণ আমেরিকার দলটিই শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।