ফাইনালের আগে হাসি-মজায় সূর্য! বরুণের ফর্ম, অফস্পিন, শিশির—সব প্রশ্নেই আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক
নিজস্ব সংবাদদাতা : গতবারের বিশ্বকাপজয়ী India national cricket team এবার ঘরের মাঠে আবার ট্রফি জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। প্রতিপক্ষ শক্তিশালী New Zealand national cricket team হলেও আত্মবিশ্বাসে টইটম্বুর সূর্যবাহিনী।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে একেবারে ফুরফুরে মেজাজে দেখা গেল ভারত অধিনায়ক Suryakumar Yadav-কে। গুরু হিসেবে তিনি বারবারই উল্লেখ করেন Rohit Sharma-র নাম। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কীভাবে চাপমুক্ত থাকতে হয় এবং সাংবাদিকদের সঙ্গে হালকা মেজাজে কথা বলতে হয়—সেটা নাকি তাঁর কাছ থেকেই শিখেছেন সূর্য। দেশের মাটিতে প্রথমবার অধিনায়ক হিসেবে ICC Men's T20 World Cup-এর ফাইনালে দলকে নেতৃত্ব দিতে নামার আগে তাই আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক। তাঁর স্পষ্ট বার্তা—টস, পিচ, শিশির বা প্রতিপক্ষের পরিকল্পনা—সব কিছু সামলানোর মতো প্রস্তুত রয়েছে ভারতীয় দল।
ফাইনালের আগে নিউজ়িল্যান্ড অধিনায়ক Mitchell Santner বলেছিলেন, আহমেদাবাদের এক লক্ষ দর্শককে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাঁরা—যেমনটা একসময় করেছিলেন Pat Cummins। সেই মন্তব্যের প্রসঙ্গ উঠতেই হাসতে হাসতে সূর্য বলেন, “দেখছি সবাই একই কথা বলছে। কিছু নতুন প্রশ্ন করুন। দলের পরিবেশ খুব ভালো। দেশের মাটিতে এত বড় স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামা সত্যিই সম্মানের।”
স্পিনার Varun Chakravarthy সাম্প্রতিক ম্যাচগুলোতে কিছুটা রান দিলেও তাঁকে নিয়ে কোনও উদ্বেগ নেই বলে জানিয়ে দেন সূর্য। তাঁর কথায়, “ক্রিকেটে ওঠানামা থাকবেই। সব ম্যাচে সবাই পারফর্ম করতে পারে না। বরুণ বিশ্বের এক নম্বর বোলারদের মধ্যে একজন। ফাইনালে কীভাবে বল করতে হয় সে খুব ভালো জানে।” প্রথম একাদশ নিয়ে প্রশ্ন উঠতেই আবার মজা করে বলেন, “দল কী হবে সেটা কালই দেখে নিন। সব আজ বলে দিলে তো আর উত্তেজনা থাকবে না!”
সাংবাদিকরা প্রশ্ন তুলেছিলেন, শিশিরের কথা মাথায় রেখে বিকেলে ম্যাচ হওয়া উচিত ছিল কি না। উত্তরে আবারও মশকরার সুরে সূর্য বলেন,“আমি যখন আইসিসি-তে চাকরি করব তখন এটা নিয়ে ভাবব!” তবে পরে সিরিয়াস হয়ে তিনি স্বীকার করেন, শিশির থাকলে আগে ব্যাট করা সুবিধাজনক হতে পারে। তবু পরিস্থিতি যেমনই হোক, দেশের জন্য সেরাটা দেওয়ার কথাই ভাবছে দল।
ভারতীয় দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার থাকায় ফাইনালে তা বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করেন সূর্য। তাঁর মতে, Jasprit Bumrah, Hardik Pandya এবং Axar Patel-দের মতো ক্রিকেটাররা বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা দলের কাজে লাগাবে। তিনি বলেন,
“বাসে যেতে যেতে বা ডিনারের সময় আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করি। অভিজ্ঞতা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যা ফাইনালে কাজে লাগে।”