ইডেনে মহারণ! ফাইনালের টিকিটের লড়াইয়ে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা!
নিজস্ব সংবাদদাতা : বুধবার (৪ মার্চ) হোলি দিনে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঘিরে ইতিমধ্যেই চরম উত্তেজনা। কলকাতার ঐতিহ্যবাহী Eden Gardens-এ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। হাইভোল্টেজ এই লড়াইয়ে যে দল জিতবে, তারাই সরাসরি ফাইনালের মঞ্চে জায়গা করে নেবে। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। শুরু থেকেই ম্যাচে কৌশলগত লড়াই স্পষ্ট। ইডেনের গ্যালারিতে উপচে পড়া ভিড়, আর মাঠে দুই শক্তিশালী দলের টানটান লড়াই—সব মিলিয়ে সেমিফাইনাল যেন ফাইনালের আগাম স্বাদ দিচ্ছে। হেড টু হেডে কার পাল্লা ভারী? ২০০৫ থেকে ২০২৬—এই সময়কালে দুই দলের মধ্যে মোট ১৯টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকা এগিয়ে। তারা জিতেছে ১২টি ম্যাচ, নিউজিল্যান্ডের ঝুলিতে রয়েছে ৭টি জয়। তবে আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকার রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। বড় মঞ্চে চাপ সামলাতে না পারার ইতিহাস প্রোটিয়াদের পিছু ছাড়েনি এখনও।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড : এইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, কোয়েনা মফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করভিন বশ, অনরিক নোর্খিয়া, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকলটন।
নিউজিল্যান্ডের স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি, কাইল জেমিসন, কোল ম্যাককঞ্চি।
ক্রিকেটবিশ্ব এখন তাকিয়ে ইডেনের দিকে। কে পাবে ফাইনালের টিকিট? দক্ষিণ আফ্রিকা কি পরিসংখ্যানের ধারাবাহিকতা বজায় রাখবে, নাকি নিউজিল্যান্ড বড় মঞ্চে নিজেদের প্রমাণ করবে—সেই উত্তর দেবে এই সেমিফাইনাল মহারণ।