তামিলনাড়ুর থুথুকুডি থেকে তিরুচি—বিজয়ের রোডশোতে জনসমুদ্র, ২০২৬ ভোটে TVK-র শক্তি প্রদর্শন!

নিজস্ব সংবাদদাতা :  অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা জোসেফ বিজয় চন্দ্রশেখর (বিজয়) এখন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁর দল ‘তামিঝাগা ভেত্রি কাজাগাম’ (TVK)-এর মুখ্য প্রচারমুখ। দলীয় নেতা ও প্রার্থী হিসেবে তিনি জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে থুথুকুডি, তিরুনেলভেলি ও তিরুচিরাপল্লি-সহ একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে বিশাল রোডশো-র নেতৃত্ব দিচ্ছেন।

এই রোডশোগুলিতে সাধারণ মানুষ ও সমর্থকদের বিপুল ভিড় নজর কাড়ছে। উষ্ণ অভ্যর্থনা, স্লোগান, পতাকা আর সমর্থকদের উচ্ছ্বাসে প্রতিটি প্রচারসভা কার্যত জনসমুদ্রে পরিণত হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, Vijay-এর এই মাঠপর্যায়ের সক্রিয়তা ২০২৬-এর ভোটে TVK-কে এক নতুন মাত্রা দিচ্ছে। বিশেষ করে থুথুকুডি ও তিরুনেলভেলিতে তাঁর সাম্প্রতিক রোডশো-তে বিপুল জনসমাগম দেখা গিয়েছে, যা দক্ষিণ তামিলনাড়ুর রাজনীতিতে TVK-র বাড়তে থাকা প্রভাবের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে তিরুচিরাপল্লিতেও মনোনয়ন জমা ঘিরে তাঁর শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।