শেষ দুই মাসে ফিটনেস পরীক্ষায় পাস করলেই ব্রাজিল দলে ফিরতে পারেন তারকা নেমার?
নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই মাস বাকি। এই গুরুত্বপূর্ণ সময়ে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন— Neymar কি শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন? সেই জল্পনাই আরও উসকে দিলেন ব্রাজিলের কোচ Carlo Ancelotti। স্পষ্ট জানিয়ে দিলেন, নেমারের সামনে এখনও দরজা খোলা, তবে আগামী দুই মাসেই দিতে হবে ফিটনেসের বড় পরীক্ষা। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ব্রাজিলের এই তারকা ফুটবলারকে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পরে Santos-এর হয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন তিনি।
গোলও করছেন, ম্যাচ ফিটনেসও বাড়ছে— কিন্তু কোচ আনচেলোত্তির চোখে এখনও শেষ সিলমোহর পড়েনি। ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলোত্তি বলেন, “নেমার অসাধারণ প্রতিভা। ওর মতো ফুটবলার বিশ্বকাপে পার্থক্য গড়ে দিতে পারে। কিন্তু আমি শুধু সেই ফুটবলারদেরই দলে নেব যারা শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত।” কোচের এই মন্তব্যে স্পষ্ট, আবেগ নয়— পারফরম্যান্স আর ফিটনেসই হবে শেষ মাপকাঠি। সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেমারকে দলে রাখা হয়নি। তবে দলের সাপোর্ট স্টাফ, সিনিয়র ফুটবলার এবং সমর্থকদের একাংশ এখনও মনে করেন, বড় মঞ্চে নেমারের অভিজ্ঞতা ব্রাজিলের জন্য বিরাট সম্পদ হতে পারে। বিশেষ করে নকআউটের চাপের ম্যাচে তাঁর সৃজনশীলতা দলের ভাগ্য বদলে দিতে সক্ষম। এখন সবকিছু নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের উপর। যদি নেমার ধারাবাহিকভাবে ম্যাচ খেলতে পারেন, চোটমুক্ত থাকেন এবং ক্লাব ফুটবলে প্রভাব ফেলতে থাকেন, তাহলে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ২৬ সদস্যের দলে তাঁর নাম থাকাটা আর অবাক করার মতো হবে না।