অ্যাসেটিক অ্যাসিড মিশিয়ে তৈরি আদা বাটা! হায়দরাবাদে টাস্ক ফোর্সের অভিযানে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা: রান্নাঘরে দ্রুত কাজ সারতে এখন অনেকেই বাজার থেকে তৈরি মশলা বাটা কিনে ব্যবহার করেন। আদা-রসুন বাটা থেকে পোস্ত বাটা—প্রায় সবকিছুই সহজেই পাওয়া যায় দোকানে। কিন্তু সেই সব পণ্যের গুণমান ও খাঁটিত্ব নিয়ে এবার নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হায়দরাবাদে একটি ভেজাল আদা-রসুন বাটা তৈরির ইউনিটে হানা দিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা গেছে, হায়দরাবাদের খিরতাবাদ জোনের মাল্লেপল্লী এলাকায় একটি গোপন ইউনিটে অভিযান চালায় সিটি পুলিশের টাস্ক ফোর্স। সেখানে গিয়ে আধিকারিকরা দেখতে পান, বিপুল পরিমাণ আদা-রসুন বাটা তৈরি করা হচ্ছে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে এবং তাতে মেশানো হচ্ছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক।

তদন্তে জানা যায়, ওই পেস্ট তৈরিতে অ্যাসেটিক অ্যাসিড, সিন্থেটিক ফুড কালার, গাম পাউডার এবং অতিরিক্ত নুন ব্যবহার করা হচ্ছিল। খাদ্য সুরক্ষার কোনও নিয়মই সেখানে মানা হচ্ছিল না। প্লাস্টিকের বড় গামলায় আদা-রসুনের পেস্ট জমিয়ে রাখা ছিল, যার মধ্যে পড়ে ছিল ময়লা এবং চারপাশে উড়ছিল মাছি। পুলিশ আরও জানিয়েছে, এই ভেজাল আদা-রসুন বাটা স্থানীয় হোলসেল দোকান, রেস্তোরাঁ এবং বিভিন্ন ক্যাটারিং পরিষেবায় সরবরাহ করা হচ্ছিল। অভিযানে প্রায় ১০৯০ কেজি ভেজাল আদা-রসুন বাটা এবং ৮৭৫ কেজি কাঁচা আদা ও রসুন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পেস্ট তৈরির মেশিন, রাসায়নিক পদার্থ, মোবাইল ফোনসহ প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকার সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ভেজাল খাদ্য দীর্ঘদিন খেলে মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।