সবংয়ে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক, টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশের জালে অভিযুক্ত!
সেখ ওয়ারেশ আলী : নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক, টাওয়ার লোকেশন ট্র্যাক করে সবংয়ে দশম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক শিক্ষককে। দীর্ঘ তদন্ত ও প্রযুক্তির সহায়তায় মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মে সবং থানার অন্তর্গত একটি গ্রামে এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি যৌন হেনস্থা করে বলে অভিযোগ।
ঘটনার পরদিন, অর্থাৎ ১২ মে, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন নির্যাতিতার পরিবারের কাছে ঘটনাটি মীমাংসার জন্য একটি ফোন আসে। সেই ফোন কলের সূত্র ধরেই তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। প্রথমে কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) খতিয়ে দেখে পুলিশ। এরপর টাওয়ার ডাম্পিংয়ের মাধ্যমে ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে মূল অভিযুক্তের নাম।
পুলিশ জানতে পারে, মূল অভিযুক্ত শিক্ষক প্রসূন বেরা এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছেন। এরপর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (S O G) সেল অভিযুক্তের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে। অবশেষে বুধবার দুপুর প্রায় দুটো নাগাদ নারায়ণগড় থানার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, ঘটনার দ্রুত তদন্ত সম্পূর্ণ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে।