খড়্গপুরে ট্যুরিস্ট লজে শিক্ষিকার রহস্যমৃত্যু, সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক!
নিজস্ব সংবাদদাতা: খড়্গপুর শহরের গোলবাজার ও ৭ নম্বর রেল কলোনি এলাকার একটি ট্যুরিস্ট লজ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক স্কুল শিক্ষিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। একই ঘর থেকে অসুস্থ অবস্থায় এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।পুলিশের প্রাথমিক অনুমান, বিষজাতীয় কোনও পদার্থ খাওয়ার কারণেই শিক্ষিকার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক পরীক্ষার ফল হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে চাইছে না তদন্তকারীরা।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত শিক্ষিকার সঙ্গে উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরেই তাঁরা বিষজাতীয় কোনও পদার্থ গ্রহণ করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এটি পুলিশের প্রাথমিক অনুমান মাত্র।ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা ও গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। লজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি মৃত শিক্ষিকা ও ওই ব্যক্তির মোবাইল ফোন, কল রেকর্ড এবং সাম্প্রতিক যোগাযোগের তথ্যও পরীক্ষা করছেন তদন্তকারীরা।বন্ধ ঘরের ভিতর থেকে শিক্ষিকার মৃতদেহ উদ্ধার এবং তাঁর সঙ্গীকে অসুস্থ অবস্থায় পাওয়ার ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনাটি নিছক সম্পর্কজনিত টানাপোড়েনের পরিণতি, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।