জলে নিভে গেল টলিউডের উজ্জ্বল নক্ষত্র, কেওড়াতলায় অশ্রুসজল বিদায় রাহুল অরুণোদয়ের!
নিজস্ব সংবাদদাতা : ওড়িশার বালেশ্বর জেলার তালসারিতে শুটিং করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলে তলিয়ে অকালপ্রয়াণ হল টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার এই দুঃসংবাদ প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা বাংলা বিনোদন জগতে। সূত্রের খবর, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রের জলে নামার পর বিপত্তি ঘটে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
সোমবার কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল অভিনেতার শেষকৃত্য। শেষ বিদায়ের মুহূর্তে তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। স্বামীকে হারানোর শোকে ভেঙে পড়েন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সাদা কুর্তি পরে ছেলেকে সঙ্গে নিয়েই তিনি পৌঁছন মহাশ্মশানে। এই কঠিন সময়ে তাঁর পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন অভিনেত্রী তথা সাংসদ Saayoni Ghosh। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে সায়নীর সঙ্গেই শ্মশান থেকে বেরিয়ে যেতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। পরিবারের অনুরোধে গোটা শেষকৃত্য সম্পন্ন হয় সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে।
প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন কেওড়াতলায় উপচে পড়ে অনুরাগী ও সহকর্মীদের ভিড়। উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যরাও। টলিপাড়ার প্রিয় মুখকে শেষবার বিদায় জানাতে হাজির হন Prosenjit Chatterjee, Ankush Hazra, Kaushik Ganguly, Churni Ganguly-সহ একাধিক তারকা। সহকর্মীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অভিনেত্রী Sudipta Chakraborty-কে।
অতিরিক্ত ভিড় ও নিরাপত্তার কড়াকড়ির জেরে একসময় আটকে পড়েন রাহুলের স্কুলজীবনের বন্ধুরাও। পরে তাঁরা ভিতরে ঢুকলেও ততক্ষণে অভিনেতাকে দাহের জন্য চুল্লির দিকে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, শোক সামলাতে পারেননি অভিনেতার দীর্ঘদিনের সঙ্গী ও গাড়ির চালক বাবলু। তালসারির শুটিংয়েও তিনি রাহুলের সঙ্গেই ছিলেন।
এদিন শববাহী গাড়ি আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। উল্লেখ্য, তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক তথ্যেও জলে ডুবে মৃত্যুর ইঙ্গিত মিলেছে। অভিনেতার এই আকস্মিক চলে যাওয়া বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল।