রহস্য ঘনীভূত! অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি-র মৃত্যু ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন!

অভিজিৎ সাহা: তালসারির সমুদ্রতটে শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে, ফুসফুসে বালি জমে অতিরিক্ত ফুলে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু এই তথ্য সামনে আসতেই ঘটনার প্রকৃত সময় ও উদ্ধার নিয়ে তৈরি হয়েছে বড়সড় ধোঁয়াশা।প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, জোয়ারের জলে তলিয়ে যাওয়ার পর প্রায় দুই ঘণ্টার বেশি সময় নিখোঁজ ছিলেন অভিনেতা। দীর্ঘক্ষণ পর ইউনিটের সদস্যরাই তাঁকে উদ্ধার করেন। অন্যদিকে, ভগীরথ জানা নামে এক ব্যক্তি দাবি করেছেন, মাত্র ১০ মিনিটের মধ্যেই তিনি উদ্ধার করেছিলেন রাহুলকে। এই দুই বয়ানের ফারাকই এখন রহস্যকে আরও গভীর করছে। চিকিৎসকদের মতে, যদি এত দ্রুত উদ্ধার করা যেত, তাহলে বাঁচানোর সম্ভাবনাও থাকত।ঘটনাস্থলে উদ্ধারকারী দল বা পুলিশের অনুপস্থিতি নিয়েও উঠছে প্রশ্ন। শুটিং চলাকালীন কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ ইউনিটের সদস্যদের একাংশের। জানা গেছে, সমুদ্রে নেমেই শুটিং করছিলেন অভিনেতা ও নায়িকা। আচমকা জোয়ারের জলে বেসামাল হয়ে পড়েন দুজনেই। নায়িকাকে দ্রুত উদ্ধার করা গেলেও রাহুলকে আর বাঁচানো যায়নি।প্রোডাকশন হাউসের ভূমিকা নিয়েও উঠছে অভিযোগ। তাদের দেওয়া বিবৃতির সঙ্গে প্রত্যক্ষদর্শীদের কথার মিল পাওয়া যাচ্ছে না। এমনকি শুটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিও নেওয়া হয়নি বলে জানিয়েছে ওড়িশা পুলিশ। তালসারি এলাকা বালেশ্বর জেলা-র অন্তর্গত হলেও স্থানীয় প্রশাসনকে কিছুই জানানো হয়নি বলে দাবি।স্থানীয় বাসিন্দাদের কথায়, তালসারির ভৌগোলিক অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ—চোরাবালি, গভীর জল এবং হঠাৎ জোয়ারের প্রবল স্রোত এখানে নিত্য ঘটনা। তাই আগে থেকে প্রশাসনকে জানালে নিরাপদ জায়গা নির্ধারণ করা সম্ভব ছিল।এদিকে, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। তমলুক মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।শেষযাত্রায় উপচে পড়ে জনসমুদ্র। বিজয়গড়ের বাড়ি থেকে কেওড়াতলা মহাশ্মশান—সব জায়গাতেই প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানাতে হাজির ছিলেন অসংখ্য মানুষ ও বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি সহ বহু তারকা।এখন প্রশ্ন একটাই—এটি কি নিছক দুর্ঘটনা, নাকি গাফিলতির বলি হলেন জনপ্রিয় অভিনেতা?