খড়গপুরের তালবাগিচায় রাহুল অরুণোদয়কে অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি, ভগৎ সিং শতবার্ষিকী কমিটির স্মরণে আবেগঘন মুহূর্ত!

নিজস্ব সংবাদদাতা : খড়গপুরের তালবাগিচায় ভগৎ সিং শতবার্ষিকী কমিটির পক্ষ থেকে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-কে জানানো হল শ্রদ্ধাঞ্জলি। তাঁর আকস্মিক প্রয়াণের খবরে শুধু টলিউড নয়, খড়গপুরের সাংস্কৃতিক মহলেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশেষ করে ভগৎ সিং শতবার্ষিকী কমিটির সদস্যদের কাছে এই ক্ষতি যেন এক ব্যক্তিগত বেদনার নাম।উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি খড়গপুর যুব সংস্কৃতি উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

ভগৎ সিং শতবার্ষিকী কমিটির উদ্যোগে আয়োজিত সেই অনুষ্ঠানে তাঁর উপস্থিতি, আন্তরিকতা এবং দর্শকদের সঙ্গে সহজ মেলামেশার স্মৃতি আজও উজ্জ্বল হয়ে রয়েছে আয়োজক ও তাঁর অনুরাগীদের মনে। কমিটির সদস্যরা জানান, ওই অনুষ্ঠানের একাধিক মুহূর্ত এখনও তাঁদের আবেগপ্রবণ করে তোলে।রবিবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের আবহ ছড়িয়ে পড়ে গোটা বাংলা বিনোদন জগতে। সূত্রের খবর, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে ওড়িশার তালসারিতে সমুদ্রের জলে নামার পর দুর্ঘটনার শিকার হন অভিনেতা। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই মৃত্যু হয় তাঁর।এই মর্মান্তিক ঘটনার পর তালবাগিচায় কমিটির সদস্যরা একত্রিত হয়ে অভিনেতার প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালন করেন।

উপস্থিত সকলেই তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব, সাংস্কৃতিক চর্চার প্রতি ভালোবাসা এবং মানুষের সঙ্গে মিশে যাওয়ার সহজাত ক্ষমতার কথা স্মরণ করেন।রাহুল অরুণোদয়ের এই আকস্মিক প্রয়াণে একদিকে যেমন বাংলা বিনোদন জগত হারাল এক জনপ্রিয় মুখ, তেমনই খড়গপুরের সাংস্কৃতিক পরিমণ্ডল হারাল এক আপন মানুষকে। তালবাগিচার এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান যেন সেই অমলিন স্মৃতিকেই আরও একবার সামনে তুলে ধরল।