গণনাকেন্দ্রে উত্তেজনা, বেরিয়ে এসে চাঞ্চল্যকর অভিযোগ মমতার “আমাকে মেরেছে”
অভিজিৎ সাহা : ভোটগণনার মাঝেই চরম উত্তেজনা। গণনাকেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তাঁর দাবি, গণনাকেন্দ্রে তাঁকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে এবং প্রার্থী হওয়া সত্ত্বেও ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।সোমবার বিকেলে কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনাকেন্দ্রে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের এক এজেন্টকে জোর করে বের করে দেওয়ার খবর পেয়ে ঘরের পোশাকেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েক ঘণ্টা ধরে উত্তেজনা চলার পর কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।মমতার কথায়, “আমাকে মেরেছে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দিচ্ছে না। এটা একটা দানবিক পার্টি। ১০০টা সিট চুরি করেছে।” তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।এদিন তিনি একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন। স্পষ্ট জানিয়ে দেন, পুরো ঘটনার বিরুদ্ধে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে।যদিও রাজ্যে গেরুয়া ঝড়ের প্রবল ইঙ্গিত মিলছে, তবুও আত্মবিশ্বাস হারাননি তৃণমূল নেত্রী। তিনি বলেন, “আমরা ঘুরে দাঁড়াব।” দলের কর্মী-সমর্থকদের মনোবল ধরে রাখার বার্তাও দেন তিনি।ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও গণনাকেন্দ্রের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।