গণনা ঘিরে উত্তেজনা চরমে, মমতা–অভিষেকের বাড়ির সামনে কড়া নিরাপত্তা—মোতায়েন আধাসেনা!

অভিজিৎ সাহা: বাংলার রাজনৈতিক পরিস্থিতি ভোটগণনার দিনেই ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রের খবর, দ্রুত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডেই রাজ্যে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত মিলেছে। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি বেশ কিছু জায়গায় এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। এই ফলাফল ঘিরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়াতে শুরু করেছে।অভিযোগ উঠছে, একাধিক জায়গায় শাসক দলের কাউন্টিং এজেন্টদের উপর হামলা হয়েছে। কোথাও প্রার্থীদের লক্ষ্য করে আক্রমণের ঘটনাও সামনে এসেছে। পাশাপাশি কয়েকটি এলাকায় দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও মিলেছে। পরিস্থিতি সামাল দিতে কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে বলে খবর।এই পরিস্থিতিতে কমিশনের আশঙ্কা, বিকেলের দিকে উত্তেজনা আরও বাড়তে পারে। বিশেষ করে রাজ্যের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সেই কারণেই মমতা ও অভিষেকের বাসভবনের সামনে আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি স্থানীয় পুলিশের নজরদারিও কড়া করা হয়েছে।প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না।