ময়নায় উত্তেজনা—বিজেপি নেতা উত্তম সিং গ্রেফতার ঘিরে থানার সামনে বিক্ষোভ, তোপ শুভেন্দু অধিকারীর!

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, দুপুরের নিরিবিলি মুহূর্ত আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের ময়না। অভিযোগ, বাড়ির খাবারের টেবিলে বসে থাকা অবস্থাতেই বিজেপির প্রভাবশালী নেতা উত্তম সিং-কে পুলিশ হঠাৎ বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।ঘটনার খবর পেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোজা পৌঁছে যান থানার সামনে। সেখানে পুলিশের সঙ্গে তাঁর তীব্র বাদানুবাদ হয়। উত্তপ্ত পরিস্থিতিতে তিনি কড়া ভাষায় পুলিশকে সতর্ক করে বলেন, জুন মাসের পর বর্তমান সরকার আর থাকবে না—তখন সব কিছুর হিসেব হবে।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, কোনও আগাম নোটিশ ছাড়াই উত্তম সিংকে বাড়ি থেকে আটক করা হয়েছে। খবর ছড়াতেই থানার সামনে জড়ো হতে শুরু করেন ভারতীয় জনতা পার্টি-র কর্মী ও সমর্থকেরা। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ময়না থানা চত্বর ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় পুরো এলাকা, কার্যত দুর্গে পরিণত হয় থানা গেট। অনুমতি ছাড়া সাধারণ মানুষের প্রবেশও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।গ্রেফতার ও পুলিশের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোরে সরগরম ময়না—পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন।