প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখতে উপচে পড়ল ভিড়, মেদিনীপুরে বিশেষ প্রদর্শনীর আয়োজন বিজেপি বিধায়কের!

সেখ ওয়ারেশ আলী : প্রবল বর্ষণও দর্শকদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হল হিন্দি রাজনৈতিক নাট্যধর্মী চলচ্চিত্র ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর বিশেষ প্রদর্শনী। এই আয়োজনের উদ্যোগ নেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত।পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই চলচ্চিত্রটি ১৯৪৬ সালের ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ এবং নোয়াখালী দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। এটি তাঁর বহুল আলোচিত ‘ফাইলস’ ট্রিলজির একটি ছবি। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশী, অনুপম খের এবং দর্শন কুমার। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

ছবিটি নিয়ে রাজনৈতিক মহলেও বিস্তর আলোচনা হয়েছিল এবং পশ্চিমবঙ্গে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এর প্রদর্শন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়।সোমবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া প্রায় দু'ঘণ্টার এই চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে দর্শকদের জন্য ঝালমুড়ি, চা ও বিস্কুটের ব্যবস্থাও করা হয়। প্রবল বৃষ্টি সত্ত্বেও প্রায় ১,১০০ জন দর্শক শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে উপস্থিত হয়ে ছবিটি উপভোগ করেন।