‘অভিযুক্তদের গ্রেপ্তার না হলে ওসিকে হাইকোর্টে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করাব’— ঘাটালে বিস্ফোরক শতরূপ ঘোষ
Biplabi Sambad Darpan -
সুমন মণ্ডল:পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফুটবল বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার ঘাটাল থানায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিআইএম। কর্মসূচিতে উপস্থিত থেকে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দলের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ।সিপিআইএমের অভিযোগ, ঘাটাল ব্লকের বরদা চৌকান এলাকায় ফুটবল বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে তাদের কর্মী-সমর্থকদের উপর বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা হামলা চালায়। ওই ঘটনায় দলের ছয়জন কর্মী আহত হন। ঘটনার পর ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি দলের।এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ঘাটাল থানায় ডেপুটেশন দেয় সিপিআইএম। ডেপুটেশন কর্মসূচির পর একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শতরূপ ঘোষ পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন।তিনি বলেন, “যারা মাস্তানি করেছে, যারা গুন্ডামি করেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ঘাটালের ওসিকে কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করাব।” শতরূপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।