টিকিটের দাম শুনে হতবাক ফুটবল বিশ্ব, ২০২৬ ফাইনাল দেখতে লাগবে ১০ লক্ষ টাকা?

নিজস্ব সংবাদদাতা : ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র কয়েকদিন। আগামী ১১ জুন থেকে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের, আর মহারণের ফাইনাল হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে ফিফার আকাশছোঁয়া টিকিট মূল্য এবং জটিল বিক্রি প্রক্রিয়া। সবচেয়ে বেশি চমকে দিয়েছে ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম—১০,৯৯০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকারও বেশি। শুধু তাই নয়, দ্বিতীয় ক্যাটাগরির টিকিট প্রায় ৭,৩৮০ ডলার এবং তৃতীয় ক্যাটাগরির টিকিট ৫,৭৮৫ ডলার ছুঁয়েছে। আগের বিক্রয় পর্বের তুলনায় এই মূল্যবৃদ্ধি নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফিফার নতুন ‘ডায়নামিক প্রাইসিং’ নীতি অনুযায়ী চাহিদা বাড়লেই টিকিটের দামও লাফিয়ে বাড়ছে। আর এই নীতির বিরুদ্ধেই সরব হয়েছে Football Supporters Europe (FSE)। বুধবার রাতে ফিফা গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে মাত্র ১৭টি ম্যাচের টিকিট বাজারে ছাড়ে। এখনও নকআউট পর্বের টিকিট বিক্রি শুরু হয়নি। তবে আয়োজক দেশ মেক্সিকোর উদ্বোধনী ম্যাচের টিকিটের দামও প্রায় ৩ হাজার ডলার ছুঁয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি। এত বিপুল দাম সত্ত্বেও বহু ম্যাচের টিকিট অবিক্রীত রয়ে যাওয়ার খবরও সামনে এসেছে।