যুদ্ধের প্রভাব খড়্গপুরে! রান্নার গ্যাসের তীব্র সংকট, বুকিং করতে গ্যাস অফিসে উপভোক্তাদের ভিড়!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের মালঞ্চ এলাকায় যুদ্ধজনিত আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে। দেখা দিয়েছে রান্নার গ্যাসের তীব্র সংকট। গ্যাস বুকিং করতে সকাল থেকেই গ্যাস এজেন্সির সামনে ভিড় জমাচ্ছেন অসংখ্য উপভোক্তা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন এজেন্সির কর্মীরাও। শুধু খড়্গপুর নয়, জেলা থেকে শহর—প্রায় সর্বত্রই LPG গ্যাসের ঘাটতিতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বহু এলাকায় অনলাইনে গ্যাস বুকিং পরিষেবা কার্যত বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ গ্রাহকদের। ফলে বাধ্য হয়ে অনেকেই সরাসরি গ্যাস অফিসে এসে লাইনে দাঁড়িয়ে বুকিং করার চেষ্টা করছেন। কিন্তু সেখানেও স্পষ্ট কোনও সমাধান না মেলায় ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে।
সকাল থেকেই বিভিন্ন গ্যাস এজেন্সির সামনে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। কেউ কয়েক ঘণ্টা ধরে দাঁড়িয়েও বুকিং করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ উপভোক্তারা। এরই মধ্যে সামনে এসেছে আরেক উদ্বেগজনক অভিযোগ—কিছু অসাধু চক্র নাকি গ্যাস সিলিন্ডার বেআইনিভাবে মজুত করে কালোবাজারির চেষ্টা করছে। গ্যাসের ঘাটতিকে কাজে লাগিয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।এই পরিস্থিতিতে প্রশাসন ইতিমধ্যেই সতর্ক হয়েছে। গ্যাসের কালোবাজারি ঠেকাতে কড়া নজরদারি শুরু করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কোথাও বেআইনি মজুত বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।সব মিলিয়ে রান্নার গ্যাসের এই সংকট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন খড়্গপুরের বাসিন্দারা।