ভোর ৪টেয় এল ছাঁটাইয়ের মেল! রাতারাতি চাকরি গেল ৮ হাজার মেটাকর্মীর

নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়ে ফের বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটল প্রযুক্তি সংস্থা Meta। প্রথমে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হলেও, কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৮ হাজার কর্মীর কাছে পৌঁছে যায় চাকরি ছাঁটাইয়ের ই-মেল। যা সংস্থার মোট কর্মী সংখ্যার প্রায় ১০ শতাংশ বলে জানা গিয়েছে।একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে মেটার মোট কর্মী সংখ্যা প্রায় ৭৮ হাজার। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ একাধিক দেশের কর্মীদের অফিসে না এসে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ভারতীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ সিঙ্গাপুর অফিস থেকে পাঠানো হয় ছাঁটাইয়ের মেল।সংস্থার মুখপাত্র জ্যানেল গেল জানিয়েছেন, প্রায় ৭ হাজার কর্মীকে নতুন এআই-ভিত্তিক টিমে পুনর্বিন্যাস করা হবে। পাশাপাশি প্রায় ৬ হাজার শূন্য পদ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মেটার দাবি, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং আরও কার্যকরীভাবে কাজ করার জন্য ছোট ছোট টিম গঠনের দিকেই এখন জোর দেওয়া হচ্ছে।তবে প্রযুক্তি মহলের মতে, এই ছাঁটাইয়ের বড় কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে কেন্দ্র করে সংস্থার নতুন পরিকল্পনা। ইতিমধ্যেই এআই খাতে বিপুল বিনিয়োগের ঘোষণা করেছে মেটা। সংস্থা জানিয়েছে, চলতি বছরে ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা রয়েছে, যার বড় অংশই যাবে এআই উন্নয়নে।সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিমে। বছরের শেষের দিকে আরও কর্মী ছাঁটাই হতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে প্রযুক্তি মহলে।