বাংলা ছাড়ল নিম্নচাপ, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা!

নিজস্ব সংবাদদাতা:অবশেষে পশ্চিমবঙ্গ ছেড়ে ছত্তিশগঢ়ের দিকে সরে গেছে নিম্নচাপ। ফলে রাজ্যে এর সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর,পূর্ব-পশ্চিমবর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।