মেদিনীপুরের বিপ্লবীরা এবার থ্রি-ডি মিনিয়েচারে, ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ!
অভিজিৎ সাহা: মেদিনীপুরের গৌরবময় বিপ্লবী ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে অভিনব উদ্যোগ। প্রাক্-স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিহাস ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে ‘প্রণমি তোমারে মেদিনীপুর’ শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করল বাচিক (আবৃত্তি সংস্থা) এবং ট্রপিক্সি অ্যানিমেশন স্টুডিও। মেদিনীপুর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মেদিনীপুরের চার বিশিষ্ট বিপ্লবী—বিমল দাশগুপ্ত, অনাথবন্ধু পাঁজা, ক্ষুদিরাম বসু এবং নির্মল জীবন ঘোষের ৫ ইঞ্চি উচ্চতার থ্রি-ডি মিনিয়েচার উন্মোচন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই মিনিয়েচারগুলির উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক ডা. শঙ্কর গুছাইত।
এদিন ট্রপিক্সি অ্যানিমেশন স্টুডিওর পক্ষ থেকে বিধায়ক ডা. শঙ্কর গুছাইতকে তাঁরই ৬ ইঞ্চি উচ্চতার একটি থ্রি-ডি মিনিয়েচার স্মারক হিসেবে উপহার দেওয়া হয়।স্টুডিওটির অন্যতম কর্ণধার সুমনদীপ পান্ডে জানান, সুলেখা গরাই পান্ডে এবং অমিত মণ্ডলের সঙ্গে যৌথ উদ্যোগে ট্রপিক্সি অ্যানিমেশন স্টুডিওর পথচলা শুরু হয়েছে। সমাজকর্মী ও বিশিষ্ট লেখিকা রোশেনারা খান জানান,নতুন কিছু করার ভাবনা থেকেই এই উদ্যোগ। মেদিনীপুরের গৌরবময় ইতিহাস এবং বিপ্লবীদের আত্মত্যাগকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই থ্রি-ডি মিনিয়েচার তৈরির পরিকল্পনা করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকদের মতে, ইতিহাসকে প্রযুক্তির মাধ্যমে নতুন আঙ্গিকে তুলে ধরার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর ফলে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও অবদান আগামী প্রজন্মের কাছে আরও জীবন্ত এবং আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।