১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার নিষ্কৃতিমৃত্যুতে অনুমতি সুপ্রিম কোর্টের!
নিজস্ব সংবাদদাতা: ১৩ বছর ধরে স্থায়ী কোমায় থাকা ৩২ বছর বয়সী হরিশ রানার ‘প্যাসিভ ইউথানেশিয়া’ বা নিষ্কৃতিমৃত্যুর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। দেশের বিচারবিভাগীয় ইতিহাসে এই রায়কে একটি গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। আদালত দিল্লির এইমস (AIIMS)-কে প্রয়োজনীয় চিকিৎসা প্রোটোকল মেনে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। জানা গেছে, ২০১৩ সালে চণ্ডীগড়ে একটি দুর্ঘটনায় চতুর্থ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর মস্তিষ্কে আঘাত পান হরিশ রানা। সেই সময় থেকেই তিনি কোমায় চলে যান। চিকিৎসকদের মতে, গত ১৩ বছর ধরে তিনি স্থায়ী উদ্ভিজ্জ অবস্থায় (Permanent Vegetative State) রয়েছেন এবং সম্পূর্ণভাবে কৃত্রিম পুষ্টি ও লাইফ সাপোর্টের ওপর নির্ভরশীল ছিলেন।
দীর্ঘদিন ধরে হরিশের বাবা-মা ছেলের ‘মর্যাদার সঙ্গে মৃত্যু’ বা প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতির জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সেই আবেদন মঞ্জুর করল দেশের সর্বোচ্চ আদালত।