প্রকাশিত হলো চারুপ্রভা পত্রিকার তৃতীয় সংখ্যা
নিজস্ব সংবাদদাতা : সাহিত্য, শিল্প ও সংস্কৃতির এক মনোজ্ঞ পরিবেশে মেদিনীপুর প্রেস ক্লাবের স্বরবর্ণ ভবনে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘চারুপ্রভা’-র তৃতীয় ও বিশেষ ‘শিল্পী’ সংখ্যা। পত্রিকার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কবি প্রণাম, পত্রিকা প্রকাশ, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিল্প সম্মাননা প্রদান— সব মিলিয়ে এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকলেন উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড. লায়েক আলী খান, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার, চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা, প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী, প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া, সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ দাস, ‘সময় বাংলা’-র কর্ণধার জয়ন্ত মণ্ডল সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।পত্রিকার সম্পাদিকা অধ্যাপিকা ড. সোনালী গোস্বামী জানান, এবারের বিশেষ ‘শিল্পী’ সংখ্যায় ২৩ জন বিশিষ্ট লেখকের কলমে উঠে এসেছে বহু পরিচিত ও অপরিচিত শিল্পীর জীবনসংগ্রাম, আত্মজয় এবং শিল্পসাধনার নানা দিক। তাঁর কথায়, “এই সংখ্যা পাঠকদের শুধু সমৃদ্ধই করবে না, শিল্প ও শিল্পীর অন্তর্জগত সম্পর্কেও নতুন উপলব্ধি দেবে।” শিল্পী আশিস সরকারের তৈরি অসাধারণ প্রচ্ছদ ইতিমধ্যেই পাঠকমহলে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।পত্রিকাটি মেদিনীপুরের ‘ভূর্যপত্র’, ‘মল্লিক পুস্তক বিপণী’ এবং কলকাতার ‘ধ্যানবিন্দু’ থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষভাবে স্মরণ করা হয় গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে। পাশাপাশি অধ্যাপক ড. লায়েক আলী খানের “চারুশিল্পী রবীন্দ্রনাথ” বিষয়ক মনোজ্ঞ বক্তৃতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। রবীন্দ্র স্মরণে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বও অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।এদিন বিশিষ্ট বর্ষীয়ান সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকারকে “চারুপ্রভা শিল্প সম্মাননা ২০২৬” প্রদান করা হয়। তাঁর দীর্ঘ সাংস্কৃতিক অবদানকে সম্মান জানিয়ে উপস্থিত সকলেই করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দিত করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার সম্পাদিকা ড. সোনালী গোস্বামী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ত্রিপর্ণা ভট্টাচার্য। সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে ‘চারুপ্রভা’-র এই আয়োজন মেদিনীপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।