দ্য ট্রি কিডস স্কুলে বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ক্যাম্প, উপকৃত ৫০-এর বেশি খুদে পড়ুয়া!

নিজস্ব সংবাদদাতা : শিশুদের মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে দ্য ট্রি কিডস স্কুল, মেদিনীপুরে অনুষ্ঠিত হল বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ক্যাম্প। স্কুলের প্লে-গ্রুপের খুদে পড়ুয়াদের কথা মাথায় রেখে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে ৫০-এরও বেশি শিশু উৎসাহের সঙ্গে অংশ নেয়।শিবিরে শিশুদের দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি দাঁতের সঠিক যত্ন, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে সচেতন করা হয়।

চিকিৎসক ডাঃ নেহা দাস-এর তত্ত্বাবধানে সম্পূর্ণ কর্মসূচিটি পরিচালিত হয়। তিনি অত্যন্ত যত্ন ও স্নেহের সঙ্গে শিশুদের দাঁত পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী ফিলিং-সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা প্রদান করেন।স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ছোট বয়স থেকেই দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই লক্ষ্যেই শিশুদের জন্য নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।ক্যাম্পের সফল আয়োজনের জন্য ডাঃ নেহা দাসকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় স্কুল কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্মসূচিতে সহযোগিতার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানানো হয়।

দ্য ট্রি কিডস স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের সক্রিয় সহযোগিতায় এ দিনের ডেন্টাল চেক-আপ ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়। শিশুদের সুস্থতা ও সার্বিক বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য পরিষেবা ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।