শালবনির জমি মামলায় CID-এর নোটিশ, ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়!

অভিজিৎ সাহা : শালবনির জমি সংক্রান্ত মামলায় CID-এর নোটিশ পাওয়ার পর শনিবার ভবানী ভবনে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। নির্ধারিত সময়ের আগেই সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ তিনি ভবানী ভবনে প্রবেশ করেন বলে জানা গিয়েছে।জানা যায়, শুক্রবার শালবনির জমি সংক্রান্ত মামলায় সুমিত রায়কে হাজিরার নোটিশ পাঠায় CID। শুক্রবার সন্ধ্যায় কলকাতার ক্যানাল রোডে তাঁর বাড়িতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা ওই নোটিশ দেন বলে খবর।তদন্ত সূত্রে জানা গিয়েছে, সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও পুলিশ গিয়েছিল বলে জানা যায়। দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করার পর পুলিশ তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করলেও সুমিত রায়ের সন্ধান মেলেনি বলে অভিযোগ ওঠে।এরপর CID-এর নোটিশ অনুযায়ী শনিবার ভবানী ভবনে সুমিত রায়ের হাজিরা ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। শালবনির জমি সংক্রান্ত মামলায় তদন্তকারীরা তাঁকে কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং তাঁর কাছ থেকে তদন্তে কোনও গুরুত্বপূর্ণ তথ্য মেলে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।তবে মামলায় ওঠা অভিযোগগুলির বিষয়ে তদন্তের ফলাফল এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যই চূড়ান্ত বিষয় নির্ধারণ করবে।