সোনারপুরে বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য!

অভিজিৎ সাহা :  তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। শনিবার বিকেলে কামরাবাদ এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে তিনি বিক্ষোভের মুখে পড়েন বলে অভিযোগ। একইসঙ্গে তাঁর উপর হামলা ও মারধরের অভিযোগও উঠেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামরাবাদে এক মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ, পথে তাঁর বাইকের গতিরোধ করা হয়। এরপর বিক্ষোভের মধ্যেই কয়েকশো মিটার হেঁটে কর্মীর বাড়ির দিকে এগিয়ে যান তিনি। সেই সময় তাঁকে ধাক্কাধাক্কি ও মারধর করা হয় বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে তাঁর এক সঙ্গী অভিষেকের মাথায় হেলমেট পরিয়ে দেন বলে জানা গিয়েছে। বিকেল প্রায় পাঁচটা নাগাদ তিনি সংশ্লিষ্ট কর্মীর বাড়িতে প্রবেশ করেন। এরপর থেকে তিনি ওই বাড়ির ভিতরেই অবস্থান করছেন বলে খবর।এদিকে বাড়ির বাইরে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে প্রশ্নও উঠেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।