পরপর নোটিসের মাঝেই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!
অভিজিৎ সাহা: পরপর নোটিস ঘিরে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা চলছে, সেই আবহেই কালীঘাটের বৈঠকে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “ওরা যা খুশি করুক—আমার বাড়ি ভেঙে দিক, নোটিস পাঠাক, আমি এসবের কাছে মাথা নত করব না। যা-ই ঘটুক না কেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবেই।”জানা গিয়েছে, কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ির নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা ও অনুমোদনের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, সংশ্লিষ্ট বাড়িগুলির বিল্ডিং প্ল্যান জমা দিতে বলা হয়েছে এবং নির্মাণকাজ পুরসভার অনুমোদন মেনে হয়েছে কিনা, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।এরপর সামনে আসে আরও একটি নোটিস। সূত্রের দাবি, ‘Lips and Bounds’-কে পাঠানো চিঠিতে কলকাতা পৌর কর্পোরেশন আইন, ১৯৮০-এর ধারা ৪০০(১) অনুযায়ী ১৮৮এ, হরিশ মুখার্জি রোডের বাড়ির অননুমোদিত অংশ সাত দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তা না ভাঙলে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে।সূত্রের খবর, মোট দুটি নোটিস পাঠানো হয়েছে—একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নামে এবং অন্যটি ‘Lips and Bounds’-এর নামে। অভিযোগ, সংশ্লিষ্ট নির্মাণে আইন লঙ্ঘন হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুর কর্তৃপক্ষ। সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে এবং সেই জবাব সন্তোষজনক কিনা, তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।