নারায়ণগড়ে তৃণমূলের চমক, প্রার্থী হিসেবে প্রতিভা রাণী মাইতির নাম ঘোষণা!

নিজস্ব সংবাদদাতা :  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকায় বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণার পরেই সবুজ আবিরে উৎসব! নারায়ণগড় বিধানসভা কেন্দ্র থেকে দলের প্রার্থী করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রাণী মাইতিকে।দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং তৃণমূলের এক লড়াকু মুখ হিসেবে পরিচিত প্রতিভা রাণী মাইতি এবার সরাসরি নির্বাচনী ময়দানে নামছেন।

দলীয় সূত্রে খবর, এতদিন এই কেন্দ্রে সক্রিয় তৃণমূল নেতা সূর্য অট্টকে সরিয়ে নতুন মুখ হিসেবে প্রতিভা রাণী মাইতির উপর ভরসা রেখেছে দল।ঘাসফুল শিবিরের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। নারায়ণগড় কেন্দ্র পুনরুদ্ধারের লক্ষ্যেই এই কৌশলগত পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা।এখন দেখার, আগামী বিধানসভা নির্বাচনে প্রতিভা রাণী মাইতির নেতৃত্বে নারায়ণগড়ে কতটা প্রভাব বিস্তার করতে পারে তৃণমূল কংগ্রেস?