সমুদ্র সৈকত দীঘার তালসারিতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়!
নিজস্ব সংবাদদাতা : বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। রবিবার, ২৯ মার্চ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্তম্ভিত হয়ে পড়েন সহকর্মী থেকে অনুরাগীরা।প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ওড়িশার কাছে দীঘার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন অভিনেতা। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীনই জলে নামেন তিনি। সেই সময় হঠাৎই বিপত্তি ঘটে—জলে তলিয়ে যেতে থাকেন রাহুল। সঙ্গে সঙ্গে ইউনিটের টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। খবর অনুযায়ী, দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জলে ডুবে মৃত্যুই এই ঘটনার কারণ।অভিনেতার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন জগতে। সহকর্মী, বন্ধুবান্ধব থেকে অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন। তাঁর এই আকস্মিক মৃত্যু যে বাংলা বিনোদন জগতের জন্য এক বড় ক্ষতি, তা বলাই বাহুল্য।