ভোটের আগে কড়া নিরাপত্তা! কলকাতায় একসঙ্গে সব কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তারা!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে ঘিরে নিরাপত্তা জোরদার করতে নজিরবিহীন পদক্ষেপ। কলকাতায় একসঙ্গে বৈঠকে বসলেন দেশের বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ কর্তারা—CRPF, CISF, BSF, SSB এবং ITBP।রবিবার কলকাতায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে মূল জোর দেওয়া হয় বাহিনীগুলির মধ্যে সমন্বয় বা “সিনার্জি” আরও মজবুত করার উপর। ভোটের প্রথম দফা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকায় নিরাপত্তা প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।রাজ্য পুলিশের ফোর্স কো-অর্ডিনেটর তথা সিআরপিএফ-এর আইজি সলভ মাথুরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ এবং নির্বাচন কমিশনের পুলিশ উপদেষ্টাও।সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন বাহিনীর ডিরেক্টর জেনারেলরা কৌশল নির্ধারণের কাজ সেরে ফেলেছেন। এখন লক্ষ্য—মাঠপর্যায়ে নিখুঁত বাস্তবায়ন। তাঁদের একটাই উদ্দেশ্য, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া কোনওরকম ভয় বা হুমকির মুখে না পড়ে।
🗳️ টার্গেট: অবাধ ও শান্তিপূর্ণ ভোট
সব বাহিনীর প্রধান লক্ষ্য একটি অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণের আগে এই যৌথ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।সল্ট লেকের সিআরপিএফ-এর ৩ নম্বর সিগন্যাল সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠক থেকে মাঠে থাকা হাজার হাজার জওয়ানের জন্য চূড়ান্ত অপারেশনাল নির্দেশিকা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।নির্বাচনের আগে এমন উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক রাজ্যে নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।