ভোটের ময়দানে মানবিকতার ছোঁয়া! কাঁধে বৃদ্ধার বোঝা, কোথাও রুটি বেলা, কোথাও জল পরিষ্কার—প্রচারে অন্য ছবি!
অভিজিৎ সাহা : রাজ্যের বিভিন্ন বিধানসভায় ভোটের প্রচারে শুধু রাজনৈতিক লড়াই নয়, ধরা পড়ছে মানবিকতারও নানা মুহূর্ত। প্রচারের ব্যস্ততার মাঝেই নেতাদের একেবারে অন্যরকম ভূমিকায় দেখা যাচ্ছে, যা নজর কেড়েছে সাধারণ মানুষের।এমনই এক ঘটনায় নজির গড়েছেন বিজেপি প্রার্থী Rajesh Mahato।
প্রচারের ফাঁকে এক বৃদ্ধার কষ্ট চোখে পড়তেই তাঁর মাথার ভারী কাঠের বোঝা নিজের কাঁধে তুলে নেন তিনি। কিছুটা পথ হেঁটে সেই বোঝা নিরাপদ জায়গায় পৌঁছে দেন। এই দৃশ্য দেখে আশপাশের মানুষজন অবাক হয়ে যান এবং অনেকেই এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।অন্যদিকে, জনসংযোগ বাড়াতে ঘরোয়া পরিবেশে মিশে যেতে দেখা গেল তৃণমূল প্রার্থী Partha Hazari-কে। পুরশুড়া বিধানসভায় প্রচারের সময় তিনি এক গৃহস্থের বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে নিজেই রুটি বেলেন।
শুধু তাই নয়, মহিলাদের সঙ্গে রান্নার কাজেও হাত লাগান তিনি, যা নিয়ে এলাকায় বেশ আলোচনা শুরু হয়েছে।এদিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিমালগঞ্জ বিধানসভায় প্রচারে গিয়ে ক্রিকেট খেলতে দেখা গেল বিজেপি প্রার্থী Rekha Patra-কে।
মাঠে নেমে স্থানীয়দের সঙ্গে খেলায় মেতে ওঠেন তিনি, যা ভোটের প্রচারে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।আবার আরামবাগ মেডিক্যাল কলেজের সামনে জমে থাকা জল পরিষ্কার করতে নেমে পড়েন সিপিএম প্রার্থী Beethika Pandit।
বালতি হাতে নিজেই জল সরাতে শুরু করেন তিনি। তাঁর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই হাসপাতালের সামনে জল জমে রোগী ও তাঁদের পরিবারের চরম ভোগান্তি হচ্ছে। প্রার্থীকে এই কাজে দেখে দলীয় কর্মীরাও এগিয়ে এসে সাহায্য করেন।অন্যদিকে, আসানসোল দক্ষিণে সাইকেল চড়ে প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী Agnimitra Paul।
কর্মী-সমর্থকদের নিয়ে গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে জনসংযোগ সারেন তিনি।ভোটের উত্তাপের মাঝেও এইসব মানবিক ও ব্যতিক্রমী মুহূর্তই এখন আলোচনার কেন্দ্রে। অনেকের মতে, এমন আচরণই রাজনীতিকে মানুষের আরও কাছে নিয়ে আসে এবং নেতাদের অন্য এক মুখ তুলে ধরে।