কালবৈশাখীর তাণ্ডবে দাসপুরে মর্মান্তিক মৃত্যু, শিলাবৃষ্টি-ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি!
সেখ ওয়ারেশ আলী : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই মঙ্গলবার বিকেলে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির দাপটে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় লাল সতর্কতা, আর কলকাতা ও দুই ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি ছিল। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিল।সেই সতর্কতার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আচমকা কালো মেঘে ঢেকে যায় আকাশ।
মুহূর্তের মধ্যে শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া, সঙ্গে শিলাবৃষ্টি। কালবৈশাখীর তাণ্ডবে একাধিক গাছ উপড়ে পড়ে, বহু বাড়ির চাল উড়ে যায় এবং বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির ছবি সামনে আসে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া ও তার ছিঁড়ে যাওয়ায় বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।এই দুর্যোগের মধ্যেই ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। দাসপুরের বড় শিমুলিয়া দিঘীরপাড় এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ভারতি সাতরা নামে এক মহিলার উপর।
স্থানীয়দের দাবি, ঝড়ের তীব্রতায় খুঁটিটি আচমকা ভেঙে পড়ে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঝড়ের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে প্রশাসনও পরিস্থিতির উপর নজর রাখছে।