ট্রেন ঘণ্টার পর ঘণ্টা দেরি, তবু বাড়ছে না প্ল্যাটফর্ম টিকিটের মেয়াদ! যাত্রীদের ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা : ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা দেরি করলেও প্ল্যাটফর্ম টিকিটের সময়সীমা অপরিবর্তিত থাকায় চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রেই ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে প্ল্যাটফর্ম টিকিটের নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে যাত্রীদের পরিবারের সদস্যদের জরিমানার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।যাত্রীদের একাংশের প্রশ্ন, ট্রেন যদি রেলওয়ের কারণেই ৪-৫ ঘণ্টা দেরি করে, তাহলে প্ল্যাটফর্ম টিকিটধারীরা কী করবেন? প্রিয়জনকে স্টেশনে রেখে চলে যাওয়া সম্ভব নয়, আবার অতিরিক্ত সময় থাকার জন্য জরিমানাও গুনতে হচ্ছে।এই ঘটনাকে ঘিরে রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। তাঁদের দাবি, নিয়মের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিও থাকা উচিত। ট্রেন বিলম্বিত হলে প্ল্যাটফর্ম টিকিটের বৈধতার সময় স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর মতো বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।যাত্রীদের মতে, শুধু স্টেশনের পরিকাঠামো আধুনিক করলেই হবে না, পরিষেবাকেও আরও যাত্রীবান্ধব ও মানবিক করে তুলতে হবে। রেল কর্তৃপক্ষের কাছে দ্রুত এই বিষয়ে নীতিগত পরিবর্তনের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।