ঋষি অরবিন্দ শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে,অরণ্য সপ্তাহ পালন পাঁচখুরিতে!

নিজস্ব সংবাদদাতা: অরণ্য সপ্তাহ উপলক্ষে শনিবার, ১৮ জুলাই ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে পাঁচখুরি বাজারে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ, চারা গাছ বিতরণ, পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক স্লোগান প্রচার এবং "বাঁচুক পৃথিবী" শীর্ষক পথনাটিকা পরিবেশিত হয়। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষা, বনায়ন বৃদ্ধি, দূষণ প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্তৃপক্ষ জানায়, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবেশের প্রতি সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে "একটি গাছই হতে পারে আগামী প্রজন্মের জন্য সবচেয়ে মূল্যবান উপহার"—এই বার্তা তুলে ধরে সকলকে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পাঁচখুরি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মহাবিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্রছাত্রী এবং পার্শ্ববর্তী গ্রামের কচিকাঁচারা উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। শেষে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মাধব চন্দ্র রথ উপস্থিত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।