স্বাধীনতা দিবসের আগে খড়গপুরে ‘তিরঙ্গা যাত্রা’, জাতীয় পতাকা হাতে পথে নামল ৮ থেকে ৮০!
সেখ ওয়ারেশ আলী : স্বাধীনতা দিবসকে সামনে রেখে খড়গপুরে সরকারি উদ্যোগে আয়োজন করা হলো বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’। মহকুমা শাসকের দফতর থেকে শুরু হয়ে এই পদযাত্রা ইন্দা মোড় পর্যন্ত যায়। হাতে জাতীয় পতাকা নিয়ে যাত্রায় পা মেলান রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ।এই তিরঙ্গা যাত্রায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শিশু থেকে প্রবীণ, স্থানীয় যুবসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ—জাতীয় পতাকা হাতে সকলেই একসঙ্গে পদযাত্রায় সামিল হন।
দেশাত্মবোধের আবেগ ও উৎসাহে এদিন মুখর হয়ে ওঠে খড়গপুর শহর। রাস্তার দু’ধারে মানুষের উপস্থিতি এবং হাতে হাতে জাতীয় পতাকার দৃশ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এই তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে দেশপ্রেম, ঐক্য ও জাতীয় গৌরবের বার্তা তুলে ধরা হয়। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার চেতনাকে আরও শক্তিশালী করার আহ্বানও উঠে আসে এই কর্মসূচি থেকে।