প্রশাসনের বৈঠকেই বিপত্তি,জেলাশাসককে দেওয়া সিল করা বোতলের ভিতরে নোংরা জল!

নিজস্ব সংবাদদাতা :সিল করা পানীয় জলের বোতল খুলে জল খেতেই চোখে পড়ল নোংরা-আবর্জনা। সেই জল পান করে অসুস্থবোধ করলেন স্বয়ং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। ঘটনাকে কেন্দ্র করে তমলুকে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।সোমবার পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা চলাকালীন এই ঘটনা ঘটে। সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার-সহ অন্যান্য আধিকারিকরা। অতিথিদের জন্য টেবিলে রাখা পানীয় জলের বোতল থেকেই জল পান করেন জেলাশাসক। তখনই বোতলের জলের মধ্যে নোংরা-আবর্জনা দেখতে পান তিনি। জল পান করার পর অসুস্থবোধও করেন।ঘটনার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন জেলাশাসক। সংশ্লিষ্ট দফতরকে ওই পানীয় জলের উৎস, কোন সংস্থা বোতলজাত করছে এবং কীভাবে জল সংগ্রহ ও বোতলবন্দি করা হচ্ছে—তা খতিয়ে দেখতে বলা হয়েছে।জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, যে সংস্থা এই ধরনের পানীয় জল সরবরাহ করছে, তাদের কার্যপ্রণালী খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে পানীয় জল বাজারজাত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে, বাজারে বিক্রি হওয়া বোতলজাত পানীয় জলের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে। প্রশাসনের তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর।