বালিচক ফ্লাইওভারে গার্ডার বসাতে বিপত্তি, প্রশ্নের মুখে কাজের গতি!

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ আন্দোলন, দাবি-দাওয়া ও অপেক্ষার পর অবশেষে শুরু হয়েছিল ডেবরার বালিচক রেলগেটের বহু প্রতীক্ষিত ফ্লাইওভারের সংযোগের কাজ। পুজোর আগে কাজ এগিয়ে যাওয়ায় স্বস্তি ফিরেছিল স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের মধ্যে। কিন্তু কাজ শুরুর পরই ঘটল বিপত্তি। প্রথম গার্ডার বসানোর সময় একটি বিয়ারিং ভেঙে যাওয়ায় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কাজ।জানা গিয়েছে, গত দু’দিন ধরে ফ্লাইওভারের সংযোগের কাজ চলছিল। শনিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হওয়ায় কয়েক ঘণ্টার জন্য কাজ বন্ধ রাখতে হয়। পরে আবহাওয়ার উন্নতি হলে ফের কাজ শুরু হয়।

কিন্তু রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ প্রথম গার্ডার বসানোর সময় একটি বিয়ারিং ভেঙে যায় বলে জানা গিয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে এরপরই কাজ বন্ধ করে দেওয়া হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বালিচক ও সংলগ্ন এলাকায় নতুন করে হতাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ফ্লাইওভার সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় রয়েছেন এলাকার বাসিন্দা ও হাজার হাজার নিত্যযাত্রী। পুজোর আগে সংযোগের কাজ শুরু হওয়ায় দ্রুত প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার আশাও তৈরি হয়েছিল। কিন্তু গার্ডার বসানোর সময়ই বিপত্তি দেখা দেওয়ায় প্রকল্পের কাজ শেষ হওয়ার সময়সীমা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ বলেন, দীর্ঘ আন্দোলনের পর রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ে ফ্লাইওভারের সংযোগের কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তাঁদের প্রশ্ন, দীর্ঘ প্রস্তুতি ও পরীক্ষা-নিরীক্ষার পর কাজ শুরু হলেও প্রথম গার্ডার বসানোর সময় কীভাবে বিয়ারিং ভেঙে গেল ? কমিটির পক্ষ থেকে ঘটনার কারণ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

প্রযুক্তিগত ত্রুটি, উপকরণের গুণমান বা কাজে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করে দ্রুত কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছে কমিটি।দীর্ঘ আন্দোলনের পর বাস্তবায়নের পথে এগোনো এই ফ্লাইওভারকে ঘিরে বালিচকবাসীর প্রত্যাশা অনেক। ফলে সাম্প্রতিক এই বিপত্তি প্রকল্পের কাজে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের।