সবংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি দুই বাইক,গুরুতর আহত ২

নিজস্ব সংবাদদাতা: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই বাইক আরোহী। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে সবং থানার বাড়জীবন ব্রিজ সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি মোটরবাইক তেমাথানির দিক থেকে সবংয়ের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে, সবংয়ের দিক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল আরও একটি মোটরবাইক। বাড়জীবন ব্রিজের কাছে পৌঁছতেই আচমকা দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দু’টি মোটরবাইকই দুমড়ে-মুচড়ে যায়। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান দুই আরোহী। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে দ্রুত সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।