মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২

নিজস্ব সংবাদদাতা:মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন। এরপর তাড়ি ভেবে পাশে থাকা একটি বোতল থেকে কিছুটা তরল পান করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই তিনজন অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি ও পেটে অস্বস্তি। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁদের প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই মৃত্যু হয় সঞ্জয় হালদারের। অন্যদিকে, নাসির শেখ ও করিম শেখকে আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় করিম শেখের। নাসিরের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, বোতলে থাকা তরলটি বিষাক্ত কোনও পদার্থ হতে পারে। তবে ঠিক কী ধরনের তরল পান করার ফলে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি জানতে নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ওই বোতলটি বাগানে এল এবং তাতে কী তরল ছিল, তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।