ক্লাসরুমে ঢুকে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা! এক ছাত্রীর জরুরি অস্ত্রোপচার

নিজস্ব সংবাদদাতা: স্কুলের ভিতরে ক্লাস চলাকালীন দুই ছাত্রীর উপর ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশে। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ অনন্তপুর জেলার রাপ্তাডু গ্রামের জিলা পরিষদ হাইস্কুলের দশম শ্রেণির ক্লাসরুমে ঢুকে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ২১ বছর বয়সি এক যুবক। হামলায় দু’জনেই গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর আহত দুই ছাত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের জরুরি অস্ত্রোপচার চলছে। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে এয়ার অ্যাম্বুল্যান্সে বেঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম হেমন্ত ওরফে দুম্মু। সে শ্রী সত্যসাই জেলার ধর্মবরম মণ্ডলের নাগালুরের বাসিন্দা। আহত এক ছাত্রীর দূরসম্পর্কের আত্মীয় বলেও জানা গিয়েছে। হামলার পর স্কুল থেকে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত ধর্মবরম রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।এই ঘটনায় স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কী কারণে অভিযুক্ত স্কুলে ঢুকে দুই ছাত্রীর উপর হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী নারা লোকেশও ঘটনার নিন্দা করেছেন। স্কুলের মতো নিরাপদ জায়গায় ছাত্রীদের উপর এমন হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি।শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে এমন হামলার ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।