মঞ্চে বক্তৃতা শেষ হতেই দর্শকাসন থেকে দুই তরুণীকে ডাকলেন যোগী, নন্দকুমারের সভায় নজিরবিহীন মুহূর্ত!
নিজস্ব সংবাদদাতা : বক্তৃতা প্রায় শেষের মুখে, আর ঠিক সেই সময়েই সভামঞ্চে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল নন্দকুমার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath হঠাৎই দর্শকাসনের ভিড়ের মধ্য থেকে দুই তরুণীকে মঞ্চে ডেকে নেন, যা ঘিরে সভাস্থলে তৈরি হয় নতুন উন্মাদনা।
১২ এপ্রিল, রবিবার দক্ষিণবঙ্গের তিনটি জায়গায় নির্বাচনী প্রচারে ছিলেন যোগী আদিত্যনাথ। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার দুটি সভা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য—একটি নন্দকুমারের খঞ্চিতে এবং অন্যটি কাঁথিতে।
বাঁকুড়ার সভা সেরে হেলিকপ্টারে করে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে কাকগেছিয়া জনতা ময়দানে নামেন তিনি। সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার সড়কপথে গাড়িতে করে পৌঁছন নন্দকুমারের সভাস্থলে।
খঞ্চি হাইস্কুল মাঠে আয়োজিত এদিনের সভায় বিজেপি সমর্থকদের উপচে পড়া ভিড় নজর কাড়ে। বারবার যোগী আদিত্যনাথের নামে হর্ষধ্বনি ওঠে, পাশাপাশি শোনা যায় ‘বুলডোজার বাবা’ স্লোগানও। বক্তৃতার ফাঁকে ফাঁকেই জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এই উচ্ছ্বাসের মধ্যেই দর্শকাসনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যোগী আদিত্যনাথের প্রতিকৃতি হাতে থাকা দুই তরুণীর দিকে নজর যায় তাঁর। বক্তৃতা শেষ হওয়ার আগেই তাঁদের মঞ্চে ডেকে নেন তিনি। দুই তরুণীও হাসিমুখে মঞ্চে উঠে তাঁর প্রতিকৃতি হাতে দাঁড়িয়ে থাকেন বেশ কিছুক্ষণ। এই মুহূর্ত ঘিরে সভায় উপস্থিত সমর্থকদের মধ্যে আরও উন্মাদনা ছড়িয়ে পড়ে।রাজনৈতিক ভাষণের পাশাপাশি এই মানবিক ও প্রতীকী মুহূর্তই এদিন নন্দকুমারের সভার অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।