জাতীয় পালস পোলিও দিবসে মেদিনীপুরে টিকাকরণ উৎসব, সচেতনতার বার্তা ছড়াল গানে গানে!

নিজস্ব সংবাদদাতা : আজ সারা দেশজুড়ে পালিত হলো জাতীয় পালস পোলিও টিকাকরণ দিবস। পোলিওমুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যেই দেশব্যাপী এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মেদিনীপুরেও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ডাঃ শংকর কুমার গুছাইত, অতিরিক্ত জেলাশাসক সম্রাট মণ্ডল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর ষড়ঙ্গী, ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শিমনি, পবিত্র সাহু-সহ স্বাস্থ্য দফতরের একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক আধিকারিকরা।

অনুষ্ঠানে পোলিও সম্পর্কে জনসচেতনতা বাড়াতে 'উই শ্যাল ওভারকাম' গানের সুরে বিশেষ প্রচারমূলক গান পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলের নজর কাড়ে। গান ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে শিশুদের এবং অভিভাবকদের মধ্যে পোলিও টিকাকরণ নিয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠান শেষে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর ষড়ঙ্গীর চেম্বারেও এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। স্বাস্থ্যকর্মীদের অনুরোধে সেখানে আরও একটি গান পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।