ক্রিকেটে ঝড়, এবার বিজ্ঞাপনে বাজিমাত! কমপ্লানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বৈভব

অভিজিৎ সাহা: ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশী আবারও শিরোনামে। মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে একের পর এক নজরকাড়া পারফরম্যান্স করে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন তিনি। এবার মাঠের সাফল্যের পাশাপাশি বিজ্ঞাপন দুনিয়াতেও বড় সুযোগ পেলেন এই তরুণ ক্রিকেটার। জনপ্রিয় নিউট্রিশনাল ড্রিঙ্ক ‘কমপ্লান’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাঁকে বেছে নিয়েছে জাইডাস ওয়েলনেস, যার বাজারমূল্য প্রায় ১৩ হাজার কোটি টাকা। গত বছর আইপিএলে পারফরম্যান্সের পর থেকেই বৈভব সূর্যবংশীর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। সেই পারফরম্যান্সই তাঁকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৈভবকে সামনে রেখে নতুন বিজ্ঞাপন ক্যাম্পেইনের নাম রাখা হয়েছে “থোড়া প্ল্যান, থোড়া কমপ্লান”। এই প্রচারে তুলে ধরা হবে তাঁর সংগ্রাম, পরিশ্রম এবং সাফল্যের গল্প। জাইডাস ওয়েলনেসের দাবি, বৈভবের অনুপ্রেরণামূলক যাত্রা নতুন প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, অল্প বয়সেই যেভাবে আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচয় গড়ে তুলছেন বৈভব সূর্যবংশী, তাতে ভবিষ্যতে তিনি দেশের অন্যতম বড় তারকা হয়ে উঠতে পারেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার বিজ্ঞাপন জগতেও তাঁর উত্থান নজর কেড়েছে ক্রীড়াপ্রেমীদের।