ফল ঘোষণার পরই খড়্গপুরে তাণ্ডব! ইন্দায় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর, আতঙ্কে পরিবার!

নিজস্ব সংবাদদাতা : দুপুরের আলোয় হামলা, ক্ষোভে ফুঁসছে এলাকা—নির্বাচনী হিংসা নিয়ে বাড়ছে প্রশ্ন? বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে খড়্গপুর শহরের ইন্দা এলাকা। মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দীপ ভট্টাচার্য ওরফে ‘কাকন’-এর বাড়িতে ভয়াবহ ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, শুধুমাত্র তৃণমূল সমর্থক হওয়ার কারণেই এই হামলার শিকার হতে হয়েছে।

অভিযোগ, একদল অসামাজিক দুষ্কৃতী বাড়িতে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়—দুটি মোটরবাইক-সহ একাধিক মূল্যবান জিনিসপত্র ভেঙে চুরমার করে দেওয়া হয়।ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন কাকনের বয়োজ্যেষ্ঠ দাদা। হঠাৎ এই হামলায় তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে, বর্তমানে বাড়িতে ফিরতেও ভয় পাচ্ছেন। এলাকায় চরম ভীতির পরিবেশ তৈরি হয়েছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল নেতা প্রদীপ সরকার এবং স্থানীয় সভাপতি কল্যাণী ঘোষ-সহ দলের কর্মীরা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।অভিযোগ উঠলেও, এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও নির্দিষ্ট পদক্ষেপের কথা জানানো হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। নির্বাচনের পর এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা আরও চরমে উঠেছে খড়্গপুরে। তৃণমূল কংগ্রেস একে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব এই ঘটনার সঙ্গে নিজেদের কোনও যোগ নেই বলেই জানিয়েছে।