বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীকে সম্মাননা বিপ্লবী সংবাদ দর্পণের, জনসেবা নিয়ে একান্ত সাক্ষাৎকার!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজ বাসভবনে বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রাক্তন সাংসদ এবং বর্তমান মুখ্যমন্ত্রীর পিতা শিশির অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিপ্লবী সংবাদ দর্পণ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্যরা। এই সাক্ষাতে উপস্থিত ছিলেন পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান সম্পাদক স্বর্গীয় মঙ্গলা প্রসাদ রায়ের বর্তমান সম্পাদকীয় প্রতিনিধিরা। সাক্ষাৎকারের শুরুতেই অবিভক্ত মেদিনীপুর তথা সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণে শিশির অধিকারীর দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা মানপত্র, পুষ্পস্তবক ও স্মারক প্রদান করে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়। বিপ্লবী সংবাদ দর্পণ পত্রিকার সঙ্গে শিশির অধিকারীর সম্পর্ক আজকের নয়, প্রায় তিন দশকের। দীর্ঘ এই সময়ে পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান সম্পাদক স্বর্গীয় মঙ্গলা প্রসাদ রায়ের সঙ্গে তাঁর আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের ধারাবাহিকতাই আজও বজায় রেখেছে পত্রিকার বর্তমান সম্পাদকমণ্ডলী।

আলাপচারিতায় শিশির অধিকারী স্বর্গীয় মঙ্গলা প্রসাদ রায়ের সাংবাদিক জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি তিনি বিপ্লবী সংবাদ দর্পণ-এর বর্তমান কর্মকাণ্ড এবং সংবাদমাধ্যম হিসেবে এর ক্রমবর্ধমান বিস্তারে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি নির্ভরযোগ্য ও জনমুখী সাংবাদিকতার ধারাকে আরও শক্তিশালী করবে।

সাক্ষাৎকালে পত্রিকার লেখক সব্যসাচী সেনগুপ্তের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন শিশির অধিকারী। কাঁথির প্রাক্তন ডিএসপি আধিকারিক হিসেবে তাঁর সঙ্গে পুরনো স্মৃতিচারণ করেন এবং তাঁকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন।

এছাড়াও সম্পাদকমণ্ডলীর সদস্য শংকর মাইতি, যিনি মেদিনীপুর রোটারি আই হসপিটালের বিভিন্ন চক্ষু শিবিরের সঙ্গে যুক্ত, তিনি দীঘায় রোটারি আই হসপিটালের একটি ভিশন কেয়ার সেন্টার উদ্বোধনের জন্য শিশির অধিকারীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

বিপ্লবী সংবাদ দর্পণ-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শিশির অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সব পক্ষই সতর্ক রয়েছে। পাশাপাশি তিনি নতুন শিল্পায়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, গ্রাম ও শহরে উন্নত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কল্যাণে সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।