বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে জোর, IQAC-এর উদ্যোগে শিক্ষক পরিচিতি কর্মসূচিতে গবেষণা-উদ্ভাবনে বিশেষ গুরুত্ব!

নিজস্ব সংবাদদাতা : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কোষ (IQAC)-এর উদ্যোগে ৭ই এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হল ‘শিক্ষক পরিচিতি কর্মসূচি’ (Faculty Orientation Programme)। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং একাধিক শিক্ষায়তনিক নেতৃত্ব একত্রিত হয়ে শিক্ষাদান, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক এ. গুপ্ত, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক পি.সি. জানা, BARC-এর প্রাক্তন অধিকর্তা ও মূল বক্তা অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়, রেজিস্ট্রার ড. জে. কে. নন্দী, IQAC-এর অধিকর্তা অধ্যাপক মধুমঙ্গল পাল-সহ বিভিন্ন বিভাগের ১৩০-রও বেশি শিক্ষক।উদ্বোধনী অধিবেশনে বিশেষভাবে গুরুত্ব পায় ফলাফল-ভিত্তিক শিক্ষা (Outcome-Based Education), সুসংগঠিত পাঠ-পরিকল্পনা, ICT-ভিত্তিক আধুনিক শিক্ষাসামগ্রীর ব্যবহার, এবং শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি

আলোচনায় উঠে আসে, কীভাবে এই সব উপাদান শিক্ষণ-শিখন প্রক্রিয়াকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তুলতে পারে।গবেষণার ক্ষেত্রেও শিক্ষক-শিক্ষিকাদের আরও সক্রিয় ভূমিকার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে Scopus এবং Web of Science-সূচীকৃত আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশ, পাশাপাশি বই ও বইয়ের অধ্যায় রচনার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা মনে করিয়ে দেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে গবেষণাই অন্যতম প্রধান চালিকাশক্তি।