বিদ্যাসাগরের আদর্শ আজও সমাজের দিশারী — চন্দ্রকোনায় ১৩৫তম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য, বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা!

সুমন মণ্ডল : বাংলা গদ্য সাহিত্যের জনক, বর্ণপরিচয়-এর স্রষ্টা এবং প্রখ্যাত সমাজসংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫তম প্রয়াণ দিবস উপলক্ষে চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর কুমার ঘোষ এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা।বিধায়ক সুকান্ত দোলুই তাঁর বক্তব্যে বিদ্যাসাগরের সমাজসংস্কারমূলক কর্মকাণ্ড, নারীশিক্ষার প্রসার, বিধবা বিবাহ আন্দোলন এবং মানবকল্যাণে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরে বলেন, “বিদ্যাসাগরের আদর্শ ও মানবিক মূল্যবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, কর্ম ও দর্শন পৌঁছে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব।”স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ বলেন, “বর্তমান সময়ে বাল্যবিবাহ একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে বিদ্যাসাগর এই কুপ্রথার বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই আদর্শকে সামনে রেখেই আমরা এলাকায় বাল্যবিবাহ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনি সচেতনতা শিবিরের আয়োজন করছি।”অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি প্রগতিশীল, শিক্ষিত ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।