মশাবাহিত রোগ রুখতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র্যালি!
নিজস্ব সংবাদদাতা : মশাবাহিত ও অন্যান্য বাহকবাহিত রোগ প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বুধবার, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র্যালির।কর্মসূচির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তিনি সচেতনতা র্যালির উদ্বোধন করে পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে প্রত্যেককে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের NSS Programme Coordinator অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং ভূগোল বিভাগের অধ্যাপক রামকৃষ্ণ মাইতি। তাঁদের উপস্থিতি ও উৎসাহ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আরও অনুপ্রাণিত করে।প্রায় ১৬০ জন NSS স্বেচ্ছাসেবক, Green Army-এর সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সাফাই ও পরিচ্ছন্নতা কর্মীরা সচেতনতা র্যালিতে অংশ নেন।
র্যালিতে ক্যাম্পাসে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, জল জমতে না দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা ছড়ানো হয়।র্যালি শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শুরু হয় বিস্তৃত পরিচ্ছন্নতা অভিযান। NSS স্বেচ্ছাসেবক, Green Army-এর সদস্য এবং সাফাই কর্মীরা সম্মিলিতভাবে বিভিন্ন এলাকা পরিষ্কার করেন।
বিশেষ গুরুত্ব দেওয়া হয় জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলি পরিষ্কার করার উপর।এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসচেতনতা ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি, NSS, Green Army এবং পরিচ্ছন্নতা কর্মীদের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে বাহকবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বও তুলে ধরা হয়।
কর্মসূচির শেষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, নিরাপদ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে নিরন্তর কাজ করার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।