বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার কিশোর কুমারের জন্মজয়ন্তী উদযাপন, সুরের আবেশে মুখর ক্যাম্পাস!

নিজস্ব সংবাদদাতা : কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মিউজিক ক্লাব। দিনভর কিশোর কুমারের অমর সৃষ্টির সুরে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক, পড়ুয়া এবং সঙ্গীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক স্মরণীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী ভাষণে তিনি কিশোর কুমারের বহুমুখী প্রতিভা, ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্র জগতে তাঁর অসামান্য অবদান এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে তাঁর গানের চিরন্তন আবেদন তুলে ধরেন।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীল মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকা উচিত।অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মিউজিক ক্লাবের সমন্বয়ক অধ্যাপক অমল কুমার মণ্ডল এবং আহ্বায়ক ড. সৌমেন মল্লিক। তাঁদের বক্তব্যে উঠে আসে, বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি (IQAC)-এর অধিকর্তা অধ্যাপক মধুমঙ্গল পাল, ভুটা (VUTA)-র সভাপতি অধ্যাপক কেশব চন্দ্র মণ্ডল, ইনকিউবেশন সেন্টারের অধিকর্তা অধ্যাপক ব্রজগোপাল বাগ, পরিবেশ কেন্দ্রের ড. জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সুরজিৎ ঘোষ, দীপান্মিতা দত্ত, ড. প্রিয়ঙ্কা হালদার মল্লিক, ড. বিপ্লব মণ্ডল, ড. সোমা দাস, ড. বর্ণা চক্রবর্তী, অডিট অফিসার সুনীত মণ্ডল, অ্যাকাউন্টস অফিসার অসীমাভ প্রহরাজ, সৌমেন চক্রবর্তী-সহ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক, আধিকারিক, গবেষক, শিক্ষার্থী ও কর্মচারী।সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মী ও শিল্পীরা একের পর এক কিশোর কুমারের জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

অধ্যাপক অমল কুমার মণ্ডল, ড. সৌমেন মল্লিক, ড. অনুপম আচার্য, ড. ছন্দা মল্লিক, দেবাশিস শর্মা, ডেপুটি কন্ট্রোলার-সহ একাধিক শিল্পীর পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। শিশু শিল্পী স্মিতাক্ষী মল্লিকের মনোমুগ্ধকর পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। এছাড়া মানস বারিক, সুমন্ত সাহা, সুমন্ত দে বক্সী, রাজ চক্রবর্তী-সহ অন্যান্য শিল্পীরাও তাঁদের সুরেলা পরিবেশনায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত ছিল মিউজিক ক্লাবের সদস্য সুমন্ত সাহার আঁকা কিশোর কুমারের প্রতিকৃতি উপাচার্য অধ্যাপক দীপক কুমার করের হাতে তুলে দেওয়া। পরে উপাচার্য সেই প্রতিকৃতিটি বিশ্ববিদ্যালয়ের মিউজিক ক্লাবকেই উপহার হিসেবে দান করেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।